সোমবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত হাবাস ডেমির সেলিক নামক একটি বড় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে দুর্ঘটনার সময় নতুন বয়লার সরানোর কাজ চলছিল। ক্রেন ভেঙে পড়ে চুল্লির ওপর সরঞ্জামগুলো আছড়ে পড়লে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলসহ পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় মোট ১৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক। ঘটনার পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়াগান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
দুপুরের দিকে ঘটা এই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, যা অনেকের কাছে ভূমিকম্পের অনুভূতির মতো ছিল। স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, কারখানার বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে ১৬ জন নিহতের কথা জানালেও, পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেন যে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে এখন ১৭ জনে দাঁড়িয়েছে। কারখানা এলাকাটিতে বড় ধরনের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছিল বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে।
কারখানাটির পরিচালনাকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে রক্ষণাবেক্ষণকাজের সময় ঘটা এই দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেছে।
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি তুর্কি বিভাগ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের ইজমির অঞ্চলটি দেশটির অন্যতম প্রধান জাহাজ ভাঙা শিল্পকেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। তুরস্কে শিল্পকারখানায় কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি ও দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের একটি বড় কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দেশটির কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি বড় সমস্যা।








