গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া মোড়ে বৈঠা ও লাঠি নিয়ে জড়ো হন। তাঁরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেই মিছিলে যোগ দেন।
পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনার পর গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয় এবং প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে, সাতটি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন দিয়ে অবরোধের খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ ও পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকের কাছে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেতগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে।








