২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা

Tajanews24

Published: November 11, 2026, 1:15 pm

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। নীতিমালাটি বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে শুধু লটারির মাধ্যমে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক আবেদনকারীকে নিয়ে অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। শিক্ষাবর্ষ গণনা করা হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০ — বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর, সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০ — বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর, সময় দুই ঘণ্টা।

ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে নিজ এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে মোট আসনের ৮০ শতাংশ স্থানীয় শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া অনলাইনে ভর্তি আবেদন ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।