সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল না করায় আইনগতভাবে শেখ হাসিনার আপিল করার সুযোগ শেষ হয়ে গেছে।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। এটি বিশেষ আইন হওয়ায় এক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, শেখ হাসিনার ফেরার সদিচ্ছা থাকলে তিনি বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতেন কিংবা পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন।
পাসপোর্ট প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে ন্যূনতম দুই বছর বা তার বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত এখতিয়ার সরকারের নেই বলেও তিনি জানান। ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে আবেদন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এর আগে সোমবার লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ই-মেইল পাঠানো হয়। সরকার সেই আবেদন নাকচ করে তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








