মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযুক্ত করার সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী সব মোটরসাইকেলের পেছনে ও সামনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক।
এই আইনের আলোকে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট প্রস্তুত করে লাগানোর জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলী
- স্কুটার জাতীয় মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
- স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
- উভয় ধরনের প্লেটের ক্ষেত্রে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
- স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই একটি আনুভূমিক রেখায় (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯) প্রদর্শন করতে হবে।
প্লেট তৈরির নির্দেশিকা
- নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে।
- সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা বর্ণ ও সংখ্যা ব্যবহার করে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা বাড়তি নকশা যুক্ত করা যাবে না।
- বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্ত।








