প্রান্তিকদের জন্য ডিজিটাল ঋণের ১০০ কোটি টাকার তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের

Published: November 11, 2026, 4:45 am

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণের লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে আগে চালু থাকা ‘ই-ঋণ’ কর্মসূচিকে নতুন আঙ্গিকে সাজিয়ে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এ তহবিল থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান করতে পারবে।

তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে, অর্থাৎ ঋণের অর্থ ফেরত আসার পর তা আবার নতুন গ্রাহকের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হবে। কর্মসূচির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে এই পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার ৯ শতাংশের বেশি হতে পারবে না।

এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম এলাকার বাসিন্দা, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ, প্রান্তিক নারী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ঋণ বিতরণের পুরো প্রক্রিয়াটি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, এমএফএস ও ই-ওয়ালাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ব্যাংকগুলোকে গ্রাহকের ঋণ গ্রহণের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্যও পর্যালোচনা করতে হবে।

ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে গ্রাহকের কাছ থেকে ডিজিটাল সম্মতি নিতে হবে। এর আগে ঋণের পরিমাণ, সুদ বা মুনাফার হার, মোট পরিশোধযোগ্য অর্থের পরিমাণ, কিস্তি দেওয়ার সময়সূচি এবং ঋণ পরিশোধে ব্যর্থ হলে কী ধরনের পরিণতি হতে পারে, সে বিষয়ে সহজবোধ্য তথ্য গ্রাহককে সরবরাহ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে ই-ঋণ বিতরণের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে নথিপত্র তলব বা সরেজমিনে পরিদর্শন করবে।

কোনো ব্যাংক যদি অর্থায়ন সুবিধা নিতে গিয়ে ভুল বা মিথ্যা তথ্য দেয়, তবে বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ঋণের কিস্তি আদায়ের সময় সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলে বা অনিয়ম পরিলক্ষিত হলে, পুনঃ অর্থায়নের নির্ধারিত সুদের হারের চেয়ে ২ শতাংশ অতিরিক্ত সুদ বা মুনাফাসহ বকেয়া অর্থ এককালীন আদায় করা হবে।