ফেনীতে দুই সরকারি দপ্তরে হামলা ও ঝটিকা মিছিল

Published: November 11, 2026, 4:25 am

ফেনী শহরে গভীর রাতে পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে দুর্বৃত্তরা এসব স্থানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সালাউদ্দিন মোড় হয়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পৌঁছান। এরপর তারা গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ও একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপরই মোটরসাইকেল নিয়ে তারা দেওয়ানগঞ্জের দিকে দ্রুত পালিয়ে যান।

পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য দেখা গেলেও জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হামলার ঘটনায় আতঙ্কিত অবস্থায় রয়েছেন। একই রাতে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফেনী সদর উপজেলা সাব-রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন।

ঘটনার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে পেট্রল বোমা নয়, বরং কাচের বোতল ছোড়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাচের টুকরা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিল করতে দেখা গেছে। মিছিলকারীরা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দেন। এর আগে মঙ্গলবার রাত ১১টার পর বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।