সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার মানুষের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা মেটাতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, প্রস্তাবিত এই অর্থ উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোর বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সরাসরি দেওয়ার কথা বলা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহিদুল হাসান অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে দুটি আলাদা চিঠি পাঠিয়েছেন। একটিতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন এমপির জন্য ১ হাজার ৩২০ কোটি টাকা এবং অন্যটিতে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন এমপির জন্য ১৮০ কোটি টাকা চাওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রত্যেক এমপি পাবেন ৫ কোটি টাকা করে।
চিঠিতে জ্যেষ্ঠ সচিব বলেছেন, দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পর মানুষের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা বেড়েছে। সংসদীয় ব্যবস্থা ফিরে আসায় মানুষ ছোট কিন্তু জরুরি প্রয়োজন নিয়ে এমপিদের কাছে যাচ্ছেন, অথচ এমপিদের বর্তমান ঐচ্ছিক তহবিল মাত্র ৫ লাখ টাকা, যা এই চাহিদা মেটাতে যথেষ্ট নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বরাদ্দ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করার কথা বলা হয়েছে।
তবে বিশ্লেষকরা উদ্বেগ জানিয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। তাদের মতে, এমপিদের সরাসরি বরাদ্দ দিলে উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে তা সাংঘর্ষিক হতে পারে। এতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির ঝুঁকি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়া এবং এমপিদের আইন প্রণয়ন ও তদারকির মূল দায়িত্ব থেকে সরে যাওয়ার আশঙ্কাও তাঁরা তুলে ধরেছেন।
এ ছাড়া আলাদাভাবে এমপিদের এলাকার উন্নয়নে আট বিভাগের জন্য দুটি করে মোট ১৬টি প্রকল্প নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। সেসব প্রকল্পে প্রতিটি আসনে বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে সড়ক, সেতু, কালভার্ট, বাজার ও ফেরিঘাটকে অগ্রাধিকার দিতে পারবেন এমপিরা এবং বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পগুলো অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তোলা হবে।








