টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সম্প্রসারণে ফিরেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথভাবে প্রকাশিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, অক্টোবরে সার্বিক পিএমআই ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮। সোমবার (৯ নভেম্বর) এই সূচক প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে চারটি প্রধান খাতেই সম্প্রসারণ দেখা গেছে। কৃষি খাত টানা ১৪তম মাসের মতো সম্প্রসারণে রয়েছে; এই খাতের পিএমআই ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২ হয়েছে। নতুন ব্যবসা, কার্যক্রম ও কর্মসংস্থান বেড়েছে বলে সূচকে উল্লেখ করা হয়েছে। একই সময়ে উৎপাদন খাতও সম্প্রসারণে ফিরেছে, এর পিএমআই ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে হয়েছে ৫০ দশমিক ৯। তবে এই খাতে নতুন অর্ডার, নতুন রপ্তানি অর্ডার ও কারখানার উৎপাদন এখনো সংকোচনেই রয়েছে বলে জানানো হয়েছে।
নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১ হয়েছে এবং খাতটি অক্টোবরে সম্প্রসারণে ফিরেছে। সেবা খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৩। দুই খাতেই কর্মসংস্থানে উন্নতির কথা বলা হলেও নতুন ব্যবসা ও মূল কার্যক্রমের কিছু সূচক এখনো সংকোচনে রয়েছে। সব খাতেই উপকরণের খরচ বাড়তি চাপে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যৎ ব্যবসা সূচক চারটি খাতেই সম্প্রসারণ দেখিয়েছে, যা আগামী দিনের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশার ইঙ্গিত দেয় বলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ জানিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেছেন, দুই কঠিন মাসের পর সম্প্রসারণে ফেরাটা ছোট হলেও ইতিবাচক অগ্রগতি, যার পেছনে কৃষি ও রপ্তানি খাতের শক্তিশালী পারফরম্যান্স ভূমিকা রেখেছে।
তবে পুনরুদ্ধার এখনো ভঙ্গুর বলেও সতর্ক করেছেন তিনি। মাসরুর রিয়াজ বলেছেন, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার ও কার্যক্রম সংকুচিত হওয়া এবং উপকরণের খরচ বেশি থাকায় এই ফেরা এখনো চাহিদার ব্যাপকভিত্তিক শক্তিশালী অবস্থায় রূপ নেয়নি।








