ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং করার সময় এই ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির বেশ কিছু আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেনটি। মঙ্গলবার গভীর রাতে শান্টিং চলাকালীন দায়িত্বরত গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবেই ট্রেনে আগুন ধরানো হয়েছিল।
ঘটনার বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এই ঘটনার কারণে বুধবার সকালে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বিলম্বে আখাউড়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।








