যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বিদায় বাংলাদেশের

Tajanews24

Published: November 12, 2026, 1:18 pm

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ওমানের আল আমেরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে জুনিয়র টাইগাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশের দেওয়া মাত্র ১৩৯ রানের লক্ষ্য ২১ দশমিক ৫ ওভারেই পেরিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সিয়াম ও ষষ্ঠ ওভারে কাওসার আহমেদ ফিরে যান। তৃতীয় উইকেটে আবদুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল ৪৩ বলে ৪৩ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৩তম ওভারে ফরিদকে ফিরিয়ে জুটি ভাঙেন পাকিস্তানি পেসার রিজওয়ানউল্লাহ। পরের ওভারে আগের ম্যাচে ১৫২ রান করা আহসান আল মুমিন মাত্র ১ রানে ফিরলে চাপ আরও বাড়ে।

এক প্রান্তে লড়াই চালিয়ে মুহি ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন। আল রাফি ২০ ও রাকিবুল হাসান ২৬ রান করলেও ইনিংস বড় হয়নি। রিজওয়ানউল্লাহ ৩০ রানে ৫ উইকেট নেন, সায়াম নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৩১ দশমিক ৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে শুরু থেকেই দাপট দেখান পাকিস্তানের দুই ওপেনার। হায়াম খান ৭২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করে জয়ের কাছাকাছি গিয়ে রবিউল হাসান অনিকের বলে আউট হন। আরেক ওপেনার উসমান খান ৫৪ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। পাকিস্তান ১৬৯ বল হাতে রেখে ১ উইকেটে ১৪১ রান তোলে। দুই ইনিংস মিলিয়ে পুরো ম্যাচ শেষ হয় মাত্র ৫৩ দশমিক ৩ ওভারে।

এই হারে টানা দ্বিতীয় আসরে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে শিরোপার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। গত ডিসেম্বরেও একই প্রতিপক্ষের কাছে ৮ উইকেটে হেরেছিল যুবারা। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে আফগানিস্তানের করা ২২৭ রানের জবাবে ব্যাট করছে ভারত। আগামী শনিবার অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।