বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে আরও বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগ ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এনআরসি অ্যাকাউন্ট ইতিমধ্যে চালু করা হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এই সুবিধা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালানো হচ্ছে।
গভর্নর প্রতিবেশী দেশগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, এ ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে চায় বলে জানান তিনি। তবে আগামী তিন-চার বছরে এসব অ্যাকাউন্টের বিপরীতে পরিশোধের চাপ যাতে রিজার্ভের ওপর বড় প্রভাব না ফেলে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রবাসী বন্ড প্রসঙ্গে গভর্নর বলেন, প্রায় পাঁচ বছর আগে তিন ধরনের বন্ডের সর্বোচ্চ মেয়াদ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেগুলোর মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও নমনীয় করার কাজ চলছে। বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া ব্যাংকগুলোর বড় করপোরেট ঋণগ্রহীতার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন গভর্নর। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, আগামী বছর থেকে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা গ্রাহক ও ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যাতে করপোরেট ঋণ সর্বোচ্চ ৪৫ শতাংশে নেমে আসে। গভর্নরের আশা, এসব উদ্যোগে রিজার্ভের ওপর চাপ কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়বে।







