রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে রাজধানীতে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে, ১২৭ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৯ জন, গুলশান বিভাগে ২৩ জন, গোয়েন্দা বিভাগে ৫ জন এবং এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।








