সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 9:28 পূর্বাহ্ন

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা বছর ধরে খেলাধুলা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৫ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়েছে বলে শিক্ষা সংবাদ ও কালের কণ্ঠ জানিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বছরজুড়ে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আধা-সরকারি পত্র পাঠান। ওই পত্রে তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ানো এবং সুস্থ জাতি গঠনের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বছরব্যাপী খেলাধুলা আয়োজন জরুরি বলে উল্লেখ করেন। সিঙ্গাপুরের আদলে এ উদ্যোগ নেওয়ার কথাও পত্রে ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় কার্যক্রম নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ব্যবস্থা নিতে মাউশিকে অনুরোধ জানালে অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়।