কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি দখলমুক্ত করল জেলা পরিষদ, উচ্ছেদ ২৩ দোকান

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 2:01 অপরাহ্ন

কুমিল্লা মহানগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর সোমবার (১৬ নভেম্বর) অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয় বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে জমিতে অবৈধভাবে নির্মিত ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, মহানগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে পরিষদের মালিকানাধীন ওই জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন তিনি। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল; সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন।

এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন জিয়াউল ইসলাম। উচ্ছেদের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে তারা ক্ষতিপূরণ চেয়েছেন।

এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান।