বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, সিসি ক্যামেরায় থাকবে পুরো এলাকা

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 1:12 অপরাহ্ন

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ওপরও সভায় জোর দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ মানুষের স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নেও সভায় গুরুত্ব দেওয়া হয়।

নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথগুলোতে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।

সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকা ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।