হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ প্রায় যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে আসায় বিশ্ববাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে বলে রয়টার্স জানিয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৮ ডলার ৩৪ সেন্ট হয়েছে।
এর আগে শুক্রবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত বিনিয়োগকারীরা পর্যালোচনা করছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধের নবম মাসে এসে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল। পাশাপাশি চীনের পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমাও চাহিদা নিয়ে প্রত্যাশায় প্রভাব ফেলেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ওই প্রান্তিকে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক হওয়ায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও জানিয়েছে আইইএ, যদিও জাহাজ চলাচলে হামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর এই প্রথম ব্যবসায়ীরা বাজারে সরবরাহ সংকটের বদলে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে ভাবছেন। বাজারের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গিই তেলের দামের ওপর চাপ তৈরি করছে বলে তিনি মনে করেন।








