ই-ভ্যাট ব্যবস্থায় সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এনবিআর জানিয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে অনেক করদাতার পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন অনলাইনে দাখিল করা ব্যাহত হয়।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না। এনবিআরের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সদস্য, প্রথম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







