পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 8:57 পূর্বাহ্ন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেছেন, রামিসার হত্যা ছিল নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। অন্যদিকে সাক্ষ্য-প্রমাণে স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালত তাঁকে খালাস দেন। স্বপ্না নিষ্ক্রিয়তার মাধ্যমে স্বামীকে অপরাধে সহায়তা করেছেন—রাষ্ট্রপক্ষের এমন যুক্তিও আদালত গ্রহণ করেননি। অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত ৭ জুন ঢাকার একটি ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা ও স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। রায় ঘোষণার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে আপিল করা হবে কি না, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।