সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ার পর তাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল ওই বিএসএফ সদস্যকে আটক করে। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয় এবং তিনি এখন বিজিবির হেফাজতে রয়েছেন। আটকের সময় তার সঙ্গে অস্ত্রও ছিল বলে বিজিবি জানিয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে এবং পতাকা বৈঠকের মাধ্যমেই হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, অভিযোগটি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি। অস্ত্রসহ অনুপ্রবেশ ও আটকের ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানা গেছে।







