রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে এ সিদ্ধান্ত দেন বলে কালের কণ্ঠ জানিয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও অমানবিক এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য, ময়নাতদন্ত প্রতিবেদন ও চিকিৎসকের সাক্ষ্য পর্যালোচনা করে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত হয়েছেন বলে আদালত উল্লেখ করেছেন। অন্যদিকে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে বলে রায়ে বলা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সোহেল রানা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর আপিল দায়েরের জন্য ৩০ দিন সময় পাবেন তিনি, এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া এগোবে না বলেও তিনি জানিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় করা মামলায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানার আপিল খারিজ করে ডেথ রেফারেন্স অনুমোদন করা হয়, আর স্বপ্না খাতুনের আপিল মঞ্জুর করে তাঁর মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করা হয়।








