মিরপুরের হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখালেন আদালত

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 1:20 অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন। শুনানির দিন কারাগারে থাকা দুই আসামিকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাফিজুল ইসলাম তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিলসহ কয়েকজন কর্মী। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়; পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর চিকিৎসা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, মমতাজ বেগমকে এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ; তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।