মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, উদ্ধার তিন অস্ত্র ও গুলি

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 1:31 অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার বিকাশ মোড়ল মধ্য বাঘড়া এলাকার কাশেম মোড়লের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও ঢাকার দোহার থানায় বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় পাইপগান, চার রাউন্ড শটগানের কার্তুজ, দুটি স্টিলের পাইপ ও অস্ত্র রাখার একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটির গায়ে ‘ইউএসএ’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেছেন, জেলাকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।