জিগাতলা হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন সাত দিনের রিমান্ডে

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 2:33 অপরাহ্ন

জুলাই আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং পলাতক সহযোগীদের অবস্থান, আশ্রয়দাতাদের পরিচয় ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, সাঈদ খোকন ঢাকা-৬ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধের বিশ্বাসযোগ্য উপাদান নেই বলেও তারা দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তাকে আদালতে আনা হবে জানতে পেরে আগে থেকেই আদালত এলাকায় অবস্থান নেওয়া লোকজন বিভিন্ন স্লোগান দেন বলেও জানা গেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে একই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়; সাঈদ খোকন এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।