ইউপি নির্বাচন শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

Published: নভেম্বর 18, 2026, 9:45 পূর্বাহ্ন

নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি আরও বলেন, মানুষ যখন ভোটমুখী হবে, তখন দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়েই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

কর্মশালায় এনআইডি সেবা নিয়ে সিইসি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি এনআইডি সেবায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে চায়। নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানি বা দুর্নীতির শিকার না হন, সেই বিষয়ে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তথ্য দেন যে, গত দুই বছরে ১৭ লাখেরও বেশি এনআইডি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ থাকায় নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।