জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন।
অর্থায়নের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প চারটি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে—৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা, যার মেয়াদ ধরা হয়েছে ২০২৬ থেকে ২০৩১ সাল। এরপরই রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর প্রকল্প, যার ব্যয় ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা এবং মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরকে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা এবং গোড়ানচটবাড়ী রিটেনশন পণ্ড ও তুরাগ নদী সুরক্ষা প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা, মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা এবং জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।







