ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে বুধবার (১৮ নভেম্বর) রাতে। অধিবেশন সমাপ্তির আগে সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের সতর্ক করে বলেছেন, একটি দেশবিরোধী অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। ইউএনবির বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ খবর জানিয়েছে।
স্পিকার বলেন, তিনি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন যে ওই অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার দিকেই স্পিকারের এই ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। তবে বক্তব্যে তিনি কোনো দলের নাম সরাসরি উল্লেখ করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে সব সংসদ সদস্যকে একযোগে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি এ বিষয়ে সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
বক্তব্যের পর স্পিকার রাত প্রায় ৮টা ৮ মিনিটে রাষ্ট্রপতির জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করে শোনান। এর মধ্য দিয়ে গত ৯ নভেম্বর শুরু হওয়া চতুর্থ অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
ইউএনবি জানিয়েছে, এই অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে চারটি বিল উত্থাপিত ও চারটি বিল পাস হয়েছে এবং তিনটি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য পাওয়া ১৭৪টি প্রশ্নের মধ্যে তিনি ১৭টির উত্তর দিয়েছেন; বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য পাওয়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়েছে ২ হাজার ১৬৯টির।







