সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক

Tajanews24

Published: নভেম্বর 18, 2026, 10:38 অপরাহ্ন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে কালের কণ্ঠ ও আমার দেশ জানিয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয় বলে জানা গেছে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন। আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জসহ দেশজুড়ে সহিংস কর্মকাণ্ড নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে এবং শান্তি-স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ার বিষয়ে তারা মতৈক্যে পৌঁছান।

তবে বৈঠকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানা যায়নি বলে কালের কণ্ঠ জানিয়েছে। বৈঠকের পর সংসদের সমাপনী অধিবেশনে দুই নেতাই নিজ নিজ বক্তব্যে ঐক্যের ওপর গুরুত্ব দেন।