চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা, যুবক আটক

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 4:38 অপরাহ্ন

চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে অভিযানটি চালানো হয়। আটক যুবকের নাম হাশিম খান (৩৫)। পুলিশ জানিয়েছে, তিনি জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি করা হয়।

পরে তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ শুক্রবার সন্ধ্যায় জানান, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন ওই যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।