চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী একটি প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে কালের কণ্ঠ জানিয়েছে। হামলায় পরিবারের কেউ আহত হননি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুসাইন মালিক বাংলাদেশ বেতার, দীপ্ত টেলিভিশন ও জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও। ঘটনার পর তিনি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে।
হাসান মালিকের ধারণা, হামলাটি সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হয়ে থাকতে পারে। তিনি বলেন, তিনি নিজে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তাঁর নিয়মিত যাতায়াত নেই।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে বলে তিনি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো নিন্দা জানিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।







