৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা, বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 8:38 পূর্বাহ্ন

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, প্রস্তাবিত এই নিয়োগের মধ্যে প্রায় ৫ হাজার পদ মেডিকেল টেকনোলজিস্টের এবং প্রায় ২ হাজার পদ ফার্মাসিস্টের হতে পারে।

বাসসের প্রতিবেদন অনুযায়ী, এই দুই ধরনের পদসহ মোট প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের আগে শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি রয়েছে। এ কারণে শূন্য পদের হিসাব নিশ্চিত করতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেছেন, তারা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছেন। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

অধ্যাপক রুমি আরও জানিয়েছেন, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতিও নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে তিনি জানিয়েছেন।