এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার সিআইডির

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 1:20 অপরাহ্ন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা ক্রাইম বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে শনিবার জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোর্ডের স্ক্যানিং শাখার কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানিয়েছেন, ফল প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত এই তিনজনের জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে তাকে ১১টি বিষয়ে পাস দেখানো হয়। অভিযোগে বলা হয়েছে, বাংলা প্রথম পত্রে ২৩ থেকে ৩৩, বাংলা দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩, গণিতে ৯ থেকে ৬৬ এবং পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫ নম্বর করা হয়; বাকি বিষয়গুলোতেও একইভাবে নম্বর বাড়ানো হয়েছিল।

এ ঘটনায় গত ৩০ অক্টোবর বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। মামলাটি পরে তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। আরেক আসামি স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম আগেই আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।

পরিদর্শক রাসেল আরও জানিয়েছেন, মামলার আরও তিন আসামি—স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, কম্পিউটার অপারেটর নূর হোসেন রায়হান এবং সুবিধাভোগী শিক্ষার্থী হাসিবুল আলী শোভন—পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বোর্ডের বাইরের আরও কেউ এ জালিয়াতিতে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে সিআইডি।