ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 3:40 অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিলটি ওই এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পাঁচজন হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন; তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এর আগে শুক্রবার নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদেই শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন। নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও মাইকিং করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজনের বিরুদ্ধে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মুহাম্মদ তারেক আজিজ ঘটনাস্থলে যান। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানিয়েছেন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।