সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে ভারতের ভেতরে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক শ্রমিকের নাম শাহরিয়ার (২২)। তিনি বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
শনিবার দুপুর দুইটার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭-এস পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অন্য কয়েকজন শ্রমিকের সঙ্গে মরকিটিলা এলাকার জিরো পয়েন্টের কাছে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েন।
এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকে তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানিয়েছেন, তাঁর ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায় এবং অসাবধানতাবশত ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। এ বিষয়ে তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ। তিনি জানিয়েছেন, পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন, সে কারণেই বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।








