গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও ৩ বিশ্ববিদ্যালয়, সংখ্যা বেড়ে ২৩, সূচি অপরিবর্তিত

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 6:01 অপরাহ্ন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে। ফলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৩টিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে বিষয় খোলা ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে। ফলে এসব বিশ্ববিদ্যালয়েও এখন গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হচ্ছে।

ভর্তি পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে বলে জানানো হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেছেন, এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে যুক্ত হয়েছে; বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির কাছ থেকে বিষয় ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে, তাই তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও বিশ্ববিদ্যালয়টি শেষ পর্যন্ত জিএসটি গুচ্ছেই থাকছে বলে জানানো হয়েছে।