বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসসের খবরে জানানো হয়েছে, নতুন পদগুলোর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) রয়েছেন। মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, পদগুলো পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন এসআই পদগুলো জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের অন্তর্ভুক্ত, বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে কনস্টেবল পদ সৃজন করা হয়েছে ১৭তম গ্রেডে, বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত রাখা হয়েছে। সব পদই পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী পূরণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এবারের নিয়োগের একটি উল্লেখযোগ্য দিক হলো, প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ জন্য পুলিশ প্রবিধান সংশোধন করা হয়েছে; সাধারণ নিয়মে এসআই পদের অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ গণমাধ্যমকে জানিয়েছেন, সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পুলিশ এখন যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।
এদিকে ইতিমধ্যে চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আগের দুই হাজার শূন্য পদের সঙ্গে নতুন অনুমোদিত চার হাজার পদ মিলিয়ে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে; বাকি পদগুলো পরবর্তী বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে, তবে বিজ্ঞপ্তি বা পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।








