ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে রোববার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে দিনাজপুর, বাগেরহাট ও ফরিদপুরে আরও তিনটি অভিযোগের অনুসন্ধানে অভিযান চালায় সংস্থাটি। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে এসব অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে যানবাহনের প্রকৃত সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্যস্ত সময়ে বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট দিয়ে যানবাহন পার করেন, যেসব গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না। চুক্তি অনুযায়ী দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত টোলের ২৫ শতাংশ সরকারের পাওয়ার কথা, অথচ বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে। অভিযোগ যাচাইয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে নথিপত্র খতিয়ে দেখে।
এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের একটি সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি এনে বাঁধ নির্মাণের কথা থাকলেও ঠিকাদার খালের পাশের ফসলি জমি কেটে মাটি ব্যবহার করেছেন; এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান চালায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়; এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ও খাবার সরবরাহে হয়রানি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালানো হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে এবং অভিযান শেষে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।







