তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শ্রম ভবনে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি শুরু হয় বলে যুগান্তর জানিয়েছে। এ সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের জন্য ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ; মালিকপক্ষে আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষে আনোয়ার হোসাইন ও বাবুল আখতার প্রতিনিধিত্ব করছেন।
মালিকপক্ষের একটি সূত্রের বরাত দিয়ে এশিয়া পোস্ট জানিয়েছে, ন্যূনতম মাসিক মজুরি ১১৫ ডলার বা প্রায় ১৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে, যা বর্তমান ১২ হাজার ৫০০ টাকার চেয়ে ১ হাজার ৮০০ টাকা বেশি। মালিকপক্ষের অপর একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সভা শেষ না হওয়া পর্যন্ত প্রস্তাবের চূড়ান্ত অঙ্ক জানা যাবে না।
অন্যদিকে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মজুরি প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি জানানো হয়। সোমবার সকালে শ্রম ভবনের সামনে দুটি শ্রমিক সংগঠনের মানববন্ধনেও ৩২ হাজার টাকার দাবিতে অনড় থাকার কথা জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন, এবারের নতুন মজুরি কাঠামোও আগামী ডিসেম্বর থেকে কার্যকরের লক্ষ্য রয়েছে।








