ভারত থেকে দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারটি রোববার নেওয়া হলেও সোমবার প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সরকারের এই কঠোর অবস্থান সামনে এল।
শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। তিনি আরও বলেন, ঢাকা চায় ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। তাঁকে তাঁর কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি; গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। জাতিসংঘের হিসাবে, ওই অভ্যুত্থানকালীন সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যাতে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ন না হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়—যোগ করেন তিনি। সাম্প্রতিক সহিংসতাকে তিনি শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল হিসেবে বর্ণনা করেছেন; অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী সহিংসতার জন্য বর্তমান রাজনৈতিক কর্তৃপক্ষকে দায়ী করেছেন বলে রয়টার্স জানিয়েছে।
সাক্ষাৎকারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ঢাকা। তিনি বলেন, এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়কে শক্তি জুগিয়েছে এবং রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে ফেরার অধিকার রয়েছে। প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। প্রতিমন্ত্রী বলেন, এই সংকট বাংলাদেশ তৈরি করেনি, মিয়ানমার তৈরি করেছে—তাই মিয়ানমারকেই এর অবসান ঘটাতে হবে। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোরও আহ্বান জানান তিনি।








