মালয়েশিয়ায় প্রবেশে বাধা পাওয়া বিদেশিদের তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা, তিন বছরে নোটিশ ২৭ হাজার ৫০৪

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 1:15 পূর্বাহ্ন

ঢাকা: মালয়েশিয়ায় প্রবেশে বাধা পাওয়া বিদেশি নাগরিকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ২৭ হাজার ৫০৪ জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি না দিয়ে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তিনি এ তথ্য জানান বলে যুগান্তর ও সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।

তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিকেরা, একই সময়ে তাদের ৩৪ হাজার ৬৫০ জনকে এনটিএল নোটিশ দেওয়া হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ভারতের নাগরিকদের ক্ষেত্রে এই সংখ্যা ২২ হাজার ৩৫০। অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, শুধু চলতি বছরের প্রথম ১০ মাসেই মোট ৪১ হাজার ৬৫৬ জন বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪০ জনকে বিমানবন্দর ও সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে ৪৯ হাজার ৫২২ জন এবং ২০২৪ সালে ৩৪ হাজার ৫২৮ জন বিদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

এনটিএল নোটিশ পাওয়া যাত্রীকে তার সর্বশেষ যাত্রা শুরুর স্থানে ফেরত পাঠানো হয়। জাকারিয়া শাবান জানিয়েছেন, নির্ধারিত সব প্রবেশপথে কঠোর যাচাই-বাছাই করা হয় এবং প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হলে যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। অভিবাসন আইনের ৮(৩) ধারা অনুযায়ী প্রবেশে বাধার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানকালীন ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারা, ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ এবং নিরাপত্তা বা অভিবাসন কালো তালিকায় নাম থাকা। বৈধ পাসপোর্ট বা যথাযথ ভিসা না থাকলেও প্রবেশে বাধা দেওয়া হয় বলে তিনি জানান।

তিনি আরও জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধভাবে কাজ করা, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে কোনো বিদেশি নাগরিক নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। অপরাধের ধরন ও পরিস্থিতি অনুযায়ী এই নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে পারে। অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাজনিত উদ্বেগ কিংবা অন্য সরকারি সংস্থার নির্দেশনার ভিত্তিতেও নাম তালিকাভুক্ত করা হয় বলে মহাপরিচালক জানিয়েছেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রাখা, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট সঙ্গে রাখা, অবস্থানকালীন ব্যয়ের পর্যাপ্ত অর্থের প্রমাণ এবং আবাসন বুকিং বা থাকার ঠিকানার প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন জাকারিয়া শাবান। এ ছাড়া অব্যাহতিপ্রাপ্ত দেশের নাগরিক ছাড়া অন্য ভ্রমণকারীদের মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমন কার্ড পূরণ করতে হবে বলেও তিনি জানান।