রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৫ জন রয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে, ১৩২ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিলে ৫৮ জন, ওয়ারীতে ৫৬ জন, উত্তরায় ৪১ জন, গুলশানে ৪০ জন, লালবাগে ৩৬ জন ও রমনা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে এসআরইউ বিভাগ চারজন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে ডিএমপি জানিয়েছে।
অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬০০ টাকাও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ; একই অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, সাম্প্রতিক আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে। ‘এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।








