ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন সেবা আবার চালু হচ্ছে। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হবে। টিওবি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সরকার নতুন কেন্দ্র দুটি পরিচালনার জন্য আউটসোর্সিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিসেসকে (এসজিজিএস) নিয়োগ দিয়েছে। এর আগে পুরোনো কেন্দ্রগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা জানিয়ে উপহাইকমিশন বলেছিল, নতুন কেন্দ্রের ঠিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম পরে আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হবে। এবারের বিজ্ঞপ্তিতে সেই অপেক্ষার অবসান ঘটল।
নতুন কেন্দ্র দুটি থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচটি রাজ্যের আবেদনকারীরা সেবা নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই রাজ্যগুলোর ভারতীয় নাগরিকদের পাশাপাশি সেখানে দীর্ঘমেয়াদে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্যও বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
কলকাতার কেন্দ্রটি হবে সল্টলেক সিটির সেক্টর-৫ এলাকায়। ঠিকানা—সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সল্টলেক সিটি, কলকাতা-৭০০০৯১, পশ্চিমবঙ্গ। অন্যদিকে শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেভক রোডের সিটি মলের প্রথম তলায়, দার্জিলিং-৭৩৪০০১, পশ্চিমবঙ্গ।
বাংলাদেশ উপহাইকমিশন পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের এই দুটি কেন্দ্রের মাধ্যমেই সুবিধাজনকভাবে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন কেন্দ্র চালু হলে বাংলাদেশের ভিসা আবেদন ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, সহজ ভ্রমণ ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে এই উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও ভূমিকা রাখতে পারে।







