নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে এবার আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণির নতুন বই দেওয়া হবে। ফলে ফল জানার পাশাপাশি নতুন বই নিয়েই বাড়ি ফিরতে পারবে তারা। কালের কণ্ঠের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহের কাজ জোরদার করেছে। এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে। প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ শেষ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপা হচ্ছে, যার মধ্যে নবম শ্রেণির বইয়ের সংখ্যাই সবচেয়ে বেশি। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার চার কপি ব্রেইল বইও রয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কালের কণ্ঠকে বলেছেন, তাঁরা ১৬ ডিসেম্বর বই তুলে দিতে চেয়েছিলেন, তবে তার আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা প্রয়োজন হওয়ায় ২৪ ডিসেম্বর দিনটি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এবার বড় কোনো অনুষ্ঠান করে বই উৎসব আয়োজনের পরিকল্পনা নেই; অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে স্কুলগুলোকে ফল প্রকাশের দিনই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা কালের কণ্ঠকে বলেছেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে এবং ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছে দেওয়ার আশা করা হচ্ছে। বইয়ের মান নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।








