এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Tajanews24

Published: নভেম্বর 25, 2026, 7:20 পূর্বাহ্ন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডেইলি সান জানিয়েছে, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় দুই দেশের পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আর অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

অস্ট্রেলিয়ার বাজারে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা বৈঠকে তুলে ধরা হয়। কৃষিপণ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদনের বিষয়টি গুরুত্ব পায়; চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করতে অস্ট্রেলিয়ার প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টিও আলোচনায় আসে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং সরকারের দেওয়া বিনিয়োগ প্রণোদনার কথাও তুলে ধরা হয়। আঞ্চলিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়। উল্লেখ্য, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়।