ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের পাঁচটি স্থানে একযোগে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। যুগান্তর ও ইত্তেফাক জানিয়েছে, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে হাসপাতাল কার্যক্রম শুরু করবে। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো দীর্ঘদিন অব্যবহৃত পড়ে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পাঁচটি হাসপাতালের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইত্তেফাক জানিয়েছে।
পাঁচটি হাসপাতাল পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। যুগান্তর জানিয়েছে, এর মধ্যে উপপরিচালকের ৫টি, সহকারী পরিচালকের ৫টি, সিনিয়র কনসালটেন্টের ১০০টি, জুনিয়র কনসালটেন্টের ২০০টি ও আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের ৫টি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, জরুরি বিভাগের চিকিৎসকের ২০টি ও অ্যানেসথেশিয়ার ২০টি পদ রাখা হয়েছে।
কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানেই উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম ও খুলনায় ডা. শওকত আলীকে উপপরিচালক করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করা হবে। তিনি জানান, এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।







