একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

Tajanews24

Published: নভেম্বর 25, 2026, 9:47 পূর্বাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বলে ঢাকা মেইল জানিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য খাতের প্রকল্প দুটির মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, যার আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনও অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের নতুন প্রকল্প দুটি হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

বিদ্যুৎ বিভাগের অনুমোদিত দুটি প্রকল্পের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো হবে। সভার আলোচ্যসূচি অনুযায়ী, এই দুটি প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও লাইন সংস্কারের মাধ্যমে বিতরণব্যবস্থার সক্ষমতা মোট ২ হাজার ৬৮১ এমভিএ বাড়ানোর লক্ষ্য রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটির আওতায় কক্সবাজারের পেকুয়া উপকেলায় উপকূলীয় পোল্ডার পুনর্বাসনের কাজ করা হবে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়, যেগুলো এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন।