তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, তালিকায় বাংলাদেশও

Tajanews24

Published: নভেম্বর 25, 2026, 11:38 পূর্বাহ্ন

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ আরও বাড়ছে। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই নিয়োগ হবে সরকার ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায়, আর কর্মী পাঠানোর অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

বছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে। ইতালির শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিন বছরের মোট কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে এই দুই খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য থাকছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ। এ ছাড়া নির্মাণ, উৎপাদন, পরিবহন ও সেবা খাতেও বিদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে।

বাংলাদেশি নাগরিকেরা এই কর্মসূচিতে অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশের জন্য আলাদা করে বড় কোনো কোটা বরাদ্দ করা হয়নি; বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যেই বাংলাদেশ রয়েছে। গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন, যাঁদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

প্রক্রিয়া অনুযায়ী, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রথমে ইতালির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন। অনুমোদন মিললে কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না; চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস। ২০২৭ সালের নিয়োগের জন্য নিয়োগকর্তারা ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন, আর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত দিনে আবেদন জমা শুরু হবে।