চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে পৌঁছেছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) সকালে শেনঝো-২৪ মহাকাশযানে করে তিনি আরও দুই চীনা নভোচারীর সঙ্গে স্টেশনে যান বলে রয়টার্স জানিয়েছে। এর মধ্য দিয়ে কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক হলেন ৪০ বছর বয়সী এই বিমানবাহিনীর পাইলট।
চীনের মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝো-২৪ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়ে কক্ষপথে প্রবেশ করে এবং প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়। এই মিশনের নেতৃত্বে আছেন চীনা নভোচারী তাং হংবো, সঙ্গে আছেন ফ্লাইট প্রকৌশলী উ ই।
পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী। তিনি স্টেশনে পাঁচ থেকে ১০ দিন থাকবেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন বলে রয়টার্স জানিয়েছে। পাকিস্তানের মহাকাশ সংস্থার বরাতে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, তাঁর পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যৎ মহাকাশ মিশনের খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশযাত্রার প্রভাব পরীক্ষা। মিশন শেষে শেনঝো-২৩ মহাকাশযানে করে তাঁর পৃথিবীতে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই উৎক্ষেপণকে ‘ঐতিহাসিক মিশন’ বলে অভিহিত করেছেন। চীন ও পাকিস্তান ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত অংশীদার; ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি নভোচারীদের প্রশিক্ষণের জন্য চীনা সরকারের একটি কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল বলে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে।
নিজস্ব তৈরি তিয়ানগং স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্র হিসেবে তুলে ধরছে চীন। ২০২২ সালের শেষ দিক থেকে স্টেশনটি পুরোপুরি কার্যকর রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রথম বিদেশি নভোচারীর এই সফর চীনের মানব মহাকাশ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করল।








