ইন্দোনেশিয়ায় বন্যায় প্লাবিত সোনার খনিতে আটকা ২৬ শ্রমিক, তিনজনের মরদেহ উদ্ধার

Tajanews24

Published: নভেম্বর 25, 2026, 10:24 পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগর এলাকায় বন্যায় প্লাবিত একটি অননুমোদিত সোনার খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে বুধবার অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। রয়টার্স জানিয়েছে, ভারী বৃষ্টিতে পাশের নদীর পানি উপচে খনির সুড়ঙ্গে ঢুকে পড়ায় সোমবার থেকে শ্রমিকেরা প্রায় ১০০ মিটার গভীর খনিটিতে আটকা পড়ে আছেন। পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানিয়েছেন, ২৬ জন শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি।

উদ্ধার অভিযানে বুধবার দুপুরে তিনজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রথম মরদেহটি স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে, দ্বিতীয়টি ১২টা ৩৫ মিনিটে এবং তৃতীয়টি ১টা ৪৮ মিনিটে উদ্ধার করা হয়। তিনটি মরদেহই ‘এ’ শ্যাফটের ৩০ থেকে ৪০ মিটার গভীরতা থেকে পাওয়া গেছে এবং তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সংস্থার হিসাবে, আরও আনুমানিক ২৩ জন শ্রমিকের খোঁজে অভিযান চলছে।

খনিটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে পাহাড়ি পংকর এলাকার নাংগুংয়ের কাম্পুং সিগুহা গ্রামে অবস্থিত। জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, যৌথ উদ্ধারকারী দল খনির পানি সেচার জন্য ডুবো পাম্প বসিয়েছে এবং ভূগর্ভস্থ পানি ঢোকার পথগুলো বন্ধ করার চেষ্টা করছে। সংস্থাটির প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, খনির ভেতরের পানি এখনো নামেনি এবং তা সেচতে দীর্ঘ সময় লাগতে পারে। সরু প্রবেশপথ, পিচ্ছিল ভূখণ্ড ও অন্ধকারের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

ভারী বৃষ্টিতে সিসেউরেউ নদীর পানি উপচে সোমবার খনির সুড়ঙ্গে ঢুকে পড়ে বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে। শ্রমিকেরা তখন সোনার কণা খুঁজতে খননকাজ করছিলেন। কেউ বেরিয়ে আসতে পেরেছেন কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি এবং আটকা পড়া শ্রমিকদের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে। বুধবার ভোরে বন্যার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

পংকর এলাকায় রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান আনতাম সোনা উত্তোলনের কাজ করে থাকে। রয়টার্স জানিয়েছে, আনতাম বলেছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে এবং সেটি তাদের কার্যক্রমের অংশ নয়। এ ছাড়া গত সপ্তাহে বোগরের আরেকটি এলাকায় কর্তৃপক্ষ প্রায় ৩০টি সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের বরাতে রয়টার্স জানিয়েছে।