জনপ্রিয় পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা ওয়ানপাসওয়ার্ড জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ বা ব্যাকএন্ড সিস্টেমে অনুপ্রবেশ ঘটেছে এবং কিছু গ্রাহকের তথ্য নেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, গত ১৯ নভেম্বর এক কর্মীর করপোরেট গিটহাব অ্যাকাউন্টে হামলাকারীর প্রবেশের ইঙ্গিত পাওয়ার পর তারা তদন্ত শুরু করে। টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মীর অ্যাক্সেস ব্যবহার করে হামলাকারী প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সার্ভারে ক্ষতিকর কোড পাঠাতে সক্ষম হয়।
ওয়ানপাসওয়ার্ড জানিয়েছে, হামলাকারী তাদের গ্রাহকদের একটি অংশের হিসাবসংক্রান্ত সীমিত তথ্য ডাউনলোড করেছে। এর মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, লগইনের জন্য ব্যবহৃত ইমেইল ঠিকানা এবং হিসাবসংক্রান্ত গোপন নয় এমন কিছু অভ্যন্তরীণ তথ্য। টেকক্রাঞ্চ জানিয়েছে, হিসাব কবে তৈরি হয়েছে এবং ব্যবহারকারী সর্বশেষ কবে লগ ইন করেছেন, এমন তথ্যও নেওয়া হয়েছে। কতজন গ্রাহক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা প্রতিষ্ঠানটি জানায়নি।
তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, গ্রাহকদের ভল্ট কোনো সময়ই হামলাকারীর নাগালে ছিল না। ভল্টে রাখা পাসওয়ার্ড ও অন্যান্য গোপন তথ্য, ভল্ট সুরক্ষিত রাখার চাবি, হিসাব পুনরুদ্ধারের চাবি—কোনোটিতেই প্রবেশ করা হয়নি। ওয়ানপাসওয়ার্ডের ভাষ্য অনুযায়ী, তাদের সেবার কার্যকারিতা, সহজলভ্যতা বা পণ্যের নিরাপত্তায় এই ঘটনার কোনো প্রভাব পড়েনি এবং তাদের অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশনও অক্ষত রয়েছে।
ঘটনা সামাল দিতে ক্ষতিগ্রস্ত গিটহাব অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে, চুরি যাওয়া টোকেন বাতিল করা হয়েছে এবং গিটহাব, সিআই/সিডি ও এন্ডপয়েন্ট নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সেবার পরিষ্কার সংস্করণ পুনরুদ্ধার করা হয়েছে এবং যেসব অভ্যন্তরীণ পরিচয়তথ্য ঝুঁকিতে থাকতে পারে, সেগুলো বদলে দেওয়া হয়েছে।
ওয়ানপাসওয়ার্ড বলেছে, গ্রাহকদের এই মুহূর্তে নিজে থেকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে অপ্রত্যাশিত ইমেইল, বার্তা বা ফোনকলের মাধ্যমে ফিশিংয়ের চেষ্টা হতে পারে বলে সতর্ক থাকতে বলেছে তারা। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে।








